শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্ত্রীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালাক দেওয়ায় সেই স্বামীকে ‘অপহরণ’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৪, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:২৪, ৩ অক্টোবর ২০২৬

স্ত্রীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালাক দেওয়ায় সেই স্বামীকে ‘অপহরণ’

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে ব্যর্থ হয়ে তালাক দেন স্বামী। এর জেরে তাকে অপহরণের অভিযোগ ওঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় ভাই।

শুক্রবার (২ অক্টোবর) রাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ওই অপহরণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াপাড়া গ্রামের কামালের স্ত্রী শেফালী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ পরিবারের। তিনি নিজে বাংলা মদ তৈরি করে বিক্রি করতেন এবং স্থানীয় মাদকসেবীদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে কামাল একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন।

ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে গত ২৭ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে শেফালীকে তালাক দেন কামাল। এর জেরে গত ৩০ সেপ্টেম্বর শেফালী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে বালিয়াপাড়া বাজার থেকে কামালকে তুলে নিয়ে যান। এরপর থেকে কামালের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ১ অক্টোবর তার পরিবারের সদস্যরা শেফালীর বাড়িতে যান। এ সময় শেফালী মোবাইল ফোনে তার সহযোগীদের ডেকে আনেন।

পরে তারা কামালের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় কামালের বড় ভাই মোস্তফা, তার স্ত্রী রাহিমা ও মেয়ে শিউলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ওসি সবজেল হোসেন মোবাইলে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি আমলে নিয়ে কার্যক্রম চলমান।