সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসছে জেলা যুবদলের কমিটি, রনিতে আস্থা নেতাকর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

আসছে জেলা যুবদলের কমিটি, রনিতে আস্থা নেতাকর্মীদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলা জেলা যুবদলে পূর্ণাঙ্গ নেতৃত্ব নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নতুন কমিটিতে বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিকে গুরুত্বপূর্ণ ও জেলার সর্বোচ্চ শীর্ষ দায়িত্বে দেখতে চান বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

মশিউর রহমান রনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘদিন তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০১৮ সালের জুনে রনিকে সভাপতি ও খায়রুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।

ছাত্রদলের নেতৃত্ব থেকে যুবদলে আসার পর ২০২২ সালের ১৬ মার্চ কেন্দ্রীয় যুবদল নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করলে সেখানে সদস্য সচিবের দায়িত্ব পান রনি। পরবর্তী সময়ে ২০২৩ সালের ২৯ আগস্ট নতুন তিন সদস্যের আহ্বায়ক কমিটিতেও তাকে সদস্য সচিব রাখা হয়। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় সাদেকুর রহমান সাদেককে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় খায়রুল ইসলাম সজীবকে।

দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, দীর্ঘ সময় ধরে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলা জেলা যুবদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। 

এদিকে নতুন কমিটি ঘিরে রনিকে নিয়ে নেতাকর্মীদের আগ্রহের অন্যতম কারণ হিসেবে তার দীর্ঘদিনের ছাত্র ও যুবদলের রাজনীতির অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। জেলা ছাত্রদলের নেতৃত্বে থাকার পর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দলীয় নেতাকর্মীদের দাবি।