সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবদলের কমিটি গঠন ও বহিষ্কারে কেন্দ্রের নতুন নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুবদলের কমিটি গঠন ও বহিষ্কারে কেন্দ্রের নতুন নির্দেশনা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলসহ অধীনস্থ ইউনিটগুলোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উপজেলা, পৌর ও থানা পর্যায়ের কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রের হাতে রাখা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি কিংবা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানায় যুবদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা, পৌর ও থানা পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় নির্বাহী কমিটির এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত দেবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি এবং কোনো নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত বা কারণ দর্শানোর বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবহিত করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল সিদ্ধান্ত নিতে পারবে। তবে কেন্দ্রকে অবহিত করা বা কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরামর্শ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

অন্যদিকে, ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন, পুনর্গঠন, বিলুপ্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে উপজেলা, পৌর বা থানা যুবদল সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ ধরনের সিদ্ধান্তের আগে জেলা বা মহানগর যুবদলকে অবহিত করতে হবে। যেসব উপজেলা, পৌর বা থানা ইউনিটে কমিটি নেই, সেসব ইউনিটের অধীনস্থ ওয়ার্ডের বিষয়ে সরাসরি সিদ্ধান্ত দেবে জেলা বা মহানগর যুবদল।

কেন্দ্রীয় নির্দেশনায় সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।