মিনিবার টুর্নামেন্ট-২০২৬
রূপগঞ্জের পাড়াগাঁও ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিনিবার টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় পাড়াগাঁও স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম শফিক।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান বলেন, “খেলাধুলা সমাজ থেকে মাদক নির্মূলের সহায়ক। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।”
তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের একটি অংশ নানা ধরনের মাদকের ঝুঁকিতে রয়েছে। তাদের হাতে মাদকের পরিবর্তে খেলার বল তুলে দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। পাড়াগাঁও ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এ আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে।”
তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলার অংশ। প্রতিযোগিতার মধ্য দিয়ে একে অপরের প্রতি সম্মান ও সৌহার্দ্য তৈরি করতে হবে। তরুণরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, শ্রমিক দলের থানা সভাপতি সাইদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজিবুর রহমান, ভুলতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। তিনি বলেন, “মাঠে তরুণদের উপস্থিতি বাড়লে সমাজে মাদক ও অপরাধের বিস্তার কমবে। তাই পাড়াগাঁওয়ের তরুণদের নিয়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”
পরে ফাইনাল ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক ও অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

