রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নুরুন্নবী ভূঁইয়ার ইউনিয়নে নিয়মিত ছাত্রলীগের মিছিল!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৬

নুরুন্নবী ভূঁইয়ার ইউনিয়নে নিয়মিত ছাত্রলীগের মিছিল!

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় গত কয়েকদিন ধরে একের পর এক মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ এ এলাকায় ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ৩০০ ফিট এলাকায় আবারও ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  মিছিলটির নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু। এর আগে শুক্রবার রাতেও একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া শনিবার রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় যুবলীগের ব্যানারেও একটি মিছিল হয়েছে। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাছুম চৌধুরী অপুর নেতৃত্বে ওই মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

গত ১৭ সেপ্টেম্বরও ৩০০ ফিট এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়। এর আগে একই দিন গোলাকান্দাইল বেরিবাঁধ এলাকাতেও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া যায়। ফলে কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় একাধিক রাজনৈতিক মিছিলের ঘটনা ঘটেছে।

এদিকে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে রয়েছেন নুরুন্নবী ভূঁইয়া। প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার দায়িত্বাধীন এলাকার গুরুত্বপূর্ণ সড়কে একের পর এক নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনা ঘটায় স্থানীয় পর্যায়ে নানা আলোচনা তৈরি হয়েছে। 

বিএনপি ক্ষমতায় আসার পর দলীয় কোন সক্রিয়তা না থাকলেও সহজভাবে প্রশাসক পদটি পেয়ে যান নুরুন্নবী ভূঁইয়া। বিগত বিএনপির আন্দোলন সংগ্রামের সময় তাকে কখনো রাজপথে সক্রিয় দেখা যায়নি। এমনকি সেসময় প্রভাবশালীদের সাথে নিয়মিত চলাফেরা ছিল তার।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জ থানা পুলিশ ৩০০ ফিট এলাকায় তৎপর রয়েছে। শুক্রবার রাতে মিছিলের প্রস্তুতিকালে ১৫ জনকে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।