হৃদয়
নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ আখড়া এলাকায় ১৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হৃদয় (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হৃদয় দেওভোগ আখড়া ১৪ নম্বর এলএনএ রোড এলাকার মোখলেছুর রহমান ও লিপি বেগমের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে পুলিশের একটি দল রাত ৮টা ১৫ মিনিটে দেওভোগ আখড়া ১৪ নম্বর এলএনএ রোড এলাকায় অভিযান চালায়।
অভিযানে মোখলেছুর রহমানের টিনশেড বাড়ির দক্ষিণ পাশের গলির রাস্তা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশের তথ্যমতে, হৃদয়ের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা পৃথক তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

