রোববার, ০৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৪, ৪ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিন-রাত চলছে প্রতিমা তৈরির কাজ। বাঁশ কেটে কাঠামো তৈরি, খড় দিয়ে অবয়ব দেওয়া, মাটির প্রলেপ, শুকানো, কারুকাজ, রং ও সাজসজ্জার কাজে এখন মুখর প্রতিমা তৈরির কারখানাগুলো।
এবার রূপগঞ্জে মোট ৫৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এসব মণ্ডপের জন্য বিভিন্ন আকার ও নকশার প্রতিমা তৈরি করছেন কারিগররা। প্রতিমার আকার, নকশা ও সাজসজ্জার ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি প্রতিমার দাম ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত।
প্রতিমা তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, কেউ বাঁশ কেটে কাঠামো তৈরি করছেন, আবার কেউ খড় দিয়ে কাঠামোর ওপর মূর্তির আকৃতি দিচ্ছেন। এরপর মাটির একাধিক স্তরের প্রলেপ দেওয়ার পর ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গা, সিংহ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের অবয়ব। পাশাপাশি মহেশ্বর, সর্পসহ অন্যান্য প্রতিমাও তৈরি করা হচ্ছে।
কারিগরদের জানান, একটি পূজার মূল প্রতিমার পাশাপাশি দুর্গার চার সন্তান, সিংহ, অসুরসহ বিভিন্ন প্রতিমা তৈরি করতে হয়। বড় আকারের প্রতিমা তৈরিতে সময় ও শ্রম দুটোই বেশি লাগে। কাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দেওয়া, তা শুকানো, সূক্ষ্ম কারুকাজ, রং ও সাজসজ্জার কাজ শেষ করতে কয়েকটি ধাপ পার হতে হয়।
কারিগররা বলেন, দুর্গাপূজার আগে প্রতিমা তৈরির কাজের চাপ অনেক বেড়ে যায়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরি করে পূজামণ্ডপে পৌঁছে দিতে দিন-রাত কাজ করছেন তারা।
এদিকে দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল বিন শফিক বলেন, দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে জেলা পর্যায়ে সভা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও আলোচনা করা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে।
মাটির সঙ্গে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। আর প্রতিমাকে ঘিরেই রূপগঞ্জের ৫৭টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।