ফাইল ছবি
পড়াশোনার খরচ চালানো এবং পরিবারের কাছে কিছু টাকা পাঠাতে রাতে নাইট গার্ডের চাকরি করছেন সরকারি মার্চেন্টস ওয়ার্কার্স (এম.ডব্লিউ) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিফাত। গুলশান-২ এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে রাতের দায়িত্ব পালন করছেন এই ছাত্রদল নেতা।
রোববার (৪ অক্টোবর) বিষয়টি সামনে এসেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।
ফেসবুকে দেয়া ওই পোস্টে শাহেদ আহমেদ রিফাতের রাতের চাকরির বিষয়টি তুলে ধরে বলেন, তার প্রিয় সংগঠন ছাত্রদলের সরকারি এম.ডব্লিউ কলেজের সাধারণ সম্পাদক মো. রিফাত বর্তমানে গুলশান-২ এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন।
জানা যায়, মো. রিফাত সরকারি মার্চেন্টস ওয়ার্কার্স (এম.ডব্লিউ) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পড়াশোনার পাশাপাশি নিজের শিক্ষাজীবনের খরচ চালাতে এবং পরিবারের কাছে অর্থ পাঠাতে তিনি রাতে চাকরি করছেন। দিনের একটি অংশ পড়াশোনা ও সাংগঠনিক কাজে এবং রাতের সময়টা কর্মস্থলে কাটছে তাঁর।
রাজনীতির পরিচয়ের আড়ালে রিফাতের এই জীবনসংগ্রামের খবরটি সামনে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। একজন শিক্ষার্থী ও ছাত্রনেতার একই সঙ্গে পড়াশোনা, সাংগঠনিক দায়িত্ব এবং জীবিকার জন্য কাজ করে যাওয়ার বিষয়টি অনেকের কাছেই আলাদা করে গুরুত্ব পেয়েছে।
শাহেদ আহমেদ তার পোস্টে লেখেন, দল ক্ষমতায় থাকার পরও একজন ছাত্রদল নেতাকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। একই সঙ্গে তিনি রিফাতের দায়িত্ব নেওয়ার কথাও জানান।
শাহেদ আহমেদ বলেন, দল ক্ষমতায় থাকার পরেও এগুলো দেখতে হচ্ছে। ইনশাআল্লাহ আজ থেকে তারও দায়িত্ব নিলাম আমি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ওর জন্য করবো।

