ফাইল ছবি
ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তাঁর অসুস্থতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মহানগর বিএনপির নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়নি।
বৃহস্পতিবার তারেক রহমানের ফেনী সফর ঘিরে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও মহানগর বিএনপির পক্ষ থেকে বড় ধরনের শোডাউন চোখে পড়েনি।
দলের সদস্য সচিব টিপু অসুস্থ থাকায় সাংগঠনিকভাবে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন মহানগর বিএনপির কয়েকজন নেতাকর্মী।
তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে মহানগর বিএনপিকে সংগঠিত ও আগলে রেখেছেন আবু আল ইউসুফ খান টিপু। দলীয় কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি নেতাকর্মীদের একত্রিত করতে ভূমিকা রাখে। তিনি সুস্থ থেকে মাঠে থাকলে তারেক রহমানের সফর ঘিরে মহানগর বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি আরও বেশি হতে পারত বলে তাঁদের ধারণা।

