ফাইল ছবি
নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ১৪১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পুলিশ। এর আগে রোববার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৪১ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৭ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী ৪ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে ২ জন রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, মাদকসেবী ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য ধারায় ১ জন রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে মাদকসেবী ১৮ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং অন্যান্য আইনে ১ জন রয়েছেন।
সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৮ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং ছিনতাইকারী ৪ জন রয়েছেন।
রূপগঞ্জ থানার অভিযানে মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ৪ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন, মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছেন।
জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

