রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অবৈধ ইটের ভাটায় এমপির ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ মার্চ ২০২৬

অবৈধ ইটের ভাটায় এমপির ক্ষোভ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই ক্ষোভের কথা তুলে ধরেন। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বক্তাবলী ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব ভাটায় নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া ইটভাটাগুলো থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের পরিবেশকে দূষিত করছে এবং জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে উল্লেখ করেন এমপি।

তিনি আরও বলেন, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

এমপি আব্দুল্লাহ আল আমিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বারবার বলার পরও যদি প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে জনগণের ক্ষোভ আরও বাড়বে। প্রয়োজনে আমরা নিজেরাও বসে থাকবো না।

স্থানীয়দের দাবি দ্রুত এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে বন্ধ করা হোক এবং পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায় পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।