নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব
"একদল একাত্তরের রাজাকার আর অন্যদল চব্বিশের রাজাকার। একদল আগে নিষিদ্ধ ছিল, অন্যদল এখন নিষিদ্ধ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় বাংলাদেশের মানুষের পাশে অবিচল ছিল," বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জে আয়োজিত এক বিশাল র্যালি ও শোডাউন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে র্যালিটি বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শুরু থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিশনপাড়া এলাকা সরগরম হয়ে ওঠে। র্যালিটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া এলাকায় এসে শেষ হয়।
বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব আরও বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।
র্যালিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। দলীয় স্লোগান আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে এক বিশাল শোডাউন প্রত্যক্ষ করা যায়।

