শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পাওনা টাকার জন্য ৯ মাসের শিশু চুরি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৯, ২৭ মার্চ ২০২৬

পাওনা টাকার জন্য ৯ মাসের শিশু চুরি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের পাওনা ২৫ হাজার টাকা আদায়ের জন্য ৯ মাসের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় মুক্তিপণের টাকা নিতে এসে স্থানীয়দের গণপিটুনির শিকার হন সোনিয়া নামে এক নারী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং শিশুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আটক নারীর নাম সোনিয়া। তিনি রূপগঞ্জের কাঞ্চন কৃষ্ণনগর এলাকার আশরাফুলের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। দুই মাস আগে জলিল ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে টালবাহানা করছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। পাওনা টাকা না পেয়ে দুপুরে স্বামী আশরাফুলের সহায়তায় সোনিয়া শিশুটিকে তার নানাবাড়ি থেকে চুরি করে নিয়ে যান।

বিকেলে রূপগঞ্জের বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে গিয়ে পাওনা ২৫ হাজার টাকা পাঠাতে বলেন সোনিয়া। টাকা না দিলে শিশুকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। বিকাশের দোকানদার বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয়দের জানালে তারা সোনিয়াকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোনিয়াকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, পাওনা টাকা আদায়ের জেরে শিশু চুরির এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সোনিয়ার স্বামী আশরাফুলকে আটকের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।