শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫২, ২৮ মার্চ ২০২৬

আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০)কে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহত জয়ের বোন জান্নাত আক্তার। 

আটক বেকু হাসান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় এবং শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

র‍্যাব জানিয়েছে, আসামি গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন।

প্রধান আসামি আটক হওয়ায় মামলার বাদী ও নিহত জয়ের বড় বোন জান্নাত আক্তার সন্তোষ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, এই মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে। এরপর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নিহত হন। 

নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।