রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি : নাহিদ ইসলাম 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি : নাহিদ ইসলাম 

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ এনসিপির শক্তিশালী ঘাঁটি। এর কৃতিত্ব আপনাদের। আপনারা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং আজকে সংগঠনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাই আল আমিন ভাইকে (নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য)। তিনি এনসিপিকে নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসেছেন।

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এনসিপির সাধারণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ পরিচালনা করত মাফিয়ারা। সেই মাফিয়ারা পাঁচ আগষ্ট পালাতে বাধ্য হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য এই নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জের মানুষের জন্য তৈরি করা। এখানে যেন অতুন কোন গডফাদার তৈরি না হয়। 

জনগণের প্রত্যাশার প্রতিফলন দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের ছয়টি আসনের একটি এসেছে এই নারায়ণগঞ্জ থেকে। মানুষ শাপলা কলিকে ভালবেসে ভোট দিয়েছে। আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের স্থানীয় নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে ভাল ফলাফল আনার চেষ্টা করতে হবে।

আপনারা দেখেছেন সংসদের অধিবেশন শুরু হয়েছে। সেখানে গণভোটের রায় সরকারি দল মানছে না। তারা সংবিধানকে নিজেদের মত করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের বিপক্ষে। এই একই কাজ আওয়ামী লীগ করেছে৷ সরকারি দলের মধ্যেও আমরা সেই প্রবণতা দেখছি।

তিনি বলেন, আমাদের সংগ্রাম সংসদে ও রাজপথে থাকবে। সংসদে গিয়ে আমরা রাজপথকে ভুলে যাবো না। আমাদের শক্তি আরও বৃদ্ধি করতে হবে। নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি যেন আমার চর্চার মধ্যে আসে। আপনারা এখানে সাহসিকতার সাথে সংগঠন করছেন। আপনারা এটা অব্যাহত রাখবেন। নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে। জনগণের যেন সুবিধা হয় সেই রাজনীতি করতে হবে।