প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াসিন (১১) নামে এক মাদ্রাসার ছাত্রকে চোখ বেঁধে হাত-পা ভেঙে এবং শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের কাচপুর সেতুর শীতলক্ষ্যা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
আহত ইয়াসিন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাড্ডাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকার আসমত আলীর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন ।
ইয়াসিনের মা পান্না বেগম অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে টাইগার মিলের পশুর হাটে পাঠিয়েছিলাম। পরে হাট থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার চোখ বেঁধে হাত-পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেয়। এরপর অটোরিকশায় করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।”
পরিবারের সদস্যরা আহত ইয়াসিনকে দ্রুত শিমরাইল মোড়ের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার জন্য পাঠিয়ে দেন।
পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

