দুই এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একাধিক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে গতকাল দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাসুদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং গোদনাইল সৈয়দপাড়া এলাকার মৃত আব্দুর রব বেপারীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫)।
এর মধ্যে সাইফুল ইসলাম রাহুল সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, গোদনাইল সৈয়দপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

