শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ৩১ মে ২০২৬

ফতুল্লায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় মোসাদ্দেকা পাপড়ি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ মে) বিকেলে ফতুল্লা মডেল থানার বক্তাবলী ইউনিয়নের গঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসাদ্দেকা পাপড়ি ওই এলাকার আলী আহম্মদের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় পাপড়ির দাদি রফিজা বেগম বাড়িতে ছিলেন। দুপুরের দিকে পাপড়ির মা তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাইরে যান। বিকেল চারটার দিকে পাপড়ি দাদিকে নিচতলায় রেখে নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দাদি তাকে ডাকাডাকি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় কক্ষের দরজা খুলে দেখা যায়, ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে পাপড়ির নিথর দেহ।

খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত নিচে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় দুই মাস আগে পাপড়ি পরিবারের অমতে একই এলাকার তার চাচাতো ভাই দিদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তাদের দাবি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।