ফাইল ছবি
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরিফ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।
শুক্রবার (১৯ জুন) দুপুরে তিনি বন্দর উপজেলায় অবস্থিত এই পবিত্র স্থানটি পরিদর্শনে যান এবং পরিদর্শন শেষে সেখানে সাধারণ মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক এই স্থাপনাটি পরিদর্শনের সময় জেলা প্রশাসক দরগাহের সার্বিক অবস্থা, সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দরগাহ কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির দরগাহের পবিত্রতা রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ধর্মীয় স্থানগুলোর মর্যাদা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কদম রসুল দরগাহ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে কদম রসুল দরগাহের উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

