সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) বর্ণাঢ্য র‍্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রাম। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।