র্যালি
নারায়ণগঞ্জে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রত্যয়ে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং দূষণমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজ হাতে অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবেশ রক্ষা, বর্জ্য যথাযথ স্থানে ফেলা এবং নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

