ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে ফেলে যাওয়া তালাবদ্ধ কালো ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে নিশ্চিত করে, এতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য নেই।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইউনাইটেড ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ব্যাগটি দেখতে পেয়ে সোনারগাঁও থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান শুরু করেন। এ সময় আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা এবং ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক অজ্ঞাত নারী ও এক পুরুষ সিএনজি অটোরিকশায় এসে ফিলিং স্টেশনের পাশে ব্যাগটি রেখে কিছুক্ষণ পর একই যানবাহনে করে চলে যান।
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে অবহিত করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চাওয়া হয়।
পরে পুলিশ পরিদর্শক মো. মোদাছসিরের নেতৃত্বে ১০ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, ব্যাগে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু নেই।
পরে ব্যাগটি খুলে ভেতরে মোছা. রেখা বেগম ও তার স্বামী মো. মোশারফ সরকারের দুটি জাতীয় পরিচয়পত্র, মো. মোশারফ সরকারের ই-ড্রাইভিং লাইসেন্স, নারীর ব্যবহৃত কাপড়, একটি ভ্যানিটি ব্যাগ এবং সমিতির টাকা জমার একটি বহি পাওয়া যায়। নথিপত্রে তাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর ডাকঘরের মধুপুর গ্রাম বলে উল্লেখ রয়েছে।
পুলিশ জব্দ তালিকার মাধ্যমে ব্যাগ ও উদ্ধারকৃত মালামাল জব্দ করেছে। ব্যাগটি কী উদ্দেশ্যে সেখানে রেখে যাওয়া হয়েছিল এবং এর পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।

