ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ী, সেবনকারী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা জুড়ে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট অপরাধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
বিষয়টি নিশ্চিত করে অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের বিশেষ তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ সদস্যরা সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করেন।
এসপি মোঃ হাবিবুর রহমান জানান, একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

