ফাইল ছবি
নারায়নগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির কেমিক্যালসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সাইফুল ইসলাম (২৫)। তিনি বরগুনা জেলার বামনা থানার বড় যাদবপুর এলাকার আবদুল আজিজের ছেলে। সাইফুল দীর্ঘদিন ধরে মদনপুর এলাকায় ভাড়া বাসায় থেকে জাল টাকা তৈরি ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল মদনপুর ছোটবাগ এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করে।
পরবর্তীতে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪০০ মিলিগ্রামের এক বোতল তরল কেমিক্যাল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

