বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নির্বাচন বিলম্বে রনির মত যোগ্য ব্যক্তিকে প্রশাসক চান সদর উপজেলাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন বিলম্বে রনির মত যোগ্য ব্যক্তিকে প্রশাসক চান সদর উপজেলাবাসী

ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে শুরু করার উদ্যোগে প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হলে উপজেলা পরিষদের নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন সম্ভাবনা ঘিরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ্য ও মাঠপর্যায়ে পরিচিত কাউকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। 

স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক অঙ্গনের অনেকের আলোচনায় এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নামও সামনে এসেছে।

সদর উপজেলার স্থানীয় বাসিন্দা রনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। একসময় তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, প্রায় ১৭ বছর ধরে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন রনি। বিশেষ করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তাকে সদর উপজেলার রাজনীতিতে পরিচিত মুখে পরিণত করেছে।

সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগকেও সম্ভাব্য প্রশাসক হিসেবে তার যোগ্যতার একটি দিক হিসেবে দেখছেন স্থানীয়দের অনেকে। তাদের ভাষ্য, প্রশাসকের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; উপজেলার বিভিন্ন ইউনিয়ন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করাও গুরুত্বপূর্ণ। এ কারণে স্থানীয় বাস্তবতা সম্পর্কে ধারণা রয়েছে এমন কাউকে দায়িত্ব দেওয়া হলে প্রশাসনিক কার্যক্রমে সুফল পাওয়া যেতে পারে।

এর আগে সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরেও মশিউর রহমান রনির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসে। তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের মাঠপর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততাকে তার শক্তির জায়গা হিসেবে তুলে ধরেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হলে ধাপে ধাপে অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে উপজেলা পরিষদের নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর হওয়ায় সদর উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান পেতে সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে নির্বাচনের মধ্যবর্তী সময়ে সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের প্রয়োজন হলে স্থানীয়ভাবে পরিচিত, সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক সমন্বয়ের সক্ষমতা রয়েছে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি করছেন সদর উপজেলার অনেকে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, সদর উপজেলার প্রশাসক হিসেবে এমন কাউকে প্রয়োজন যিনি উপজেলার ইউনিয়নগুলো ও মানুষের বাস্তব সমস্যা সম্পর্কে জানেন এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে সক্ষম। তাদের বিবেচনায় রনির দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, স্থানীয় সম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতা এ দায়িত্ব পালনে কাজে আসতে পারে।

সদর উপজেলাবাসীর প্রত্যাশা, নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য এমন একজনকে বেছে নেওয়া হবে, যিনি স্থানীয় বাস্তবতা বোঝেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় করতে সক্ষম। সেই বিবেচনায় মশিউর রহমান রনির মতো দীর্ঘদিনের মাঠপর্যায়ের নেতাকে প্রশাসক হিসেবে দেখার আগ্রহ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।