সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বিএনপি নেতা শুক্কুর আলী বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২০, ৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে বিএনপি নেতা শুক্কুর আলী বহিষ্কার 

ফাইল ছবি

চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত মো. শুক্কুর আলী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

​প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও নির্দিষ্ট কিছু গুরুতর অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না এবং বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সকল প্রকার সাংগঠনিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

​জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন।

​এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক জানান, চাঁদাবাজি, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতেই শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি বহন করবে না।