ফাইল ছবি
মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত থানায় বিশেষ অভিযান চালিয়ে ১০৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার পুলিশ নিজ নিজ এলাকায় পৃথকভাবে অভিযান চালায়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লা মডেল থানায়। সেখানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানা এলাকায় অভিযানে ২২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় আটক করা হয়েছে ১৪ জন মাদকসেবী।
রূপগঞ্জ থানায় মাদকসেবী ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন মাদকসেবী, দুজন মাদকসহ আটক হন। একজনের কাছ থেকে গাঁজার পুরিয়া এবং অপরজনের কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া জিআর ও সিআর মামলার একজন করে দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং সুইচ গিয়ার ও নগদ ৪ হাজার টাকা সহ তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
সোনারগাঁও ও আড়াইহাজার থানা পুলিশ পৃথক অভিযানে পাঁচজন করে মোট ১০ জন মাদকসেবীকে আটক করেছে।
সব মিলিয়ে সাত থানায় পরিচালিত তিন ঘণ্টার বিশেষ অভিযানে মোট ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক সংশ্লিষ্ট ব্যক্তি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

