প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় ভূট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় মো. মোস্তফা আসাদ (২৫) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
গত ২৮ সেপ্টেম্বর রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা আসাদ চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া এলাকার মো. আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
পিবিআই নারায়ণগঞ্জ জেলা ইউনিট সূত্রে জানা যায়, আসামিরা বাদীর সঙ্গে পূর্ব ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ভূট্টা সংগ্রহ ও গুদামজাত করে অধিক মুনাফায় বিক্রির প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী বাদী তাদের ব্যাংকিং হিসাবে বিভিন্ন ধাপে মোট ৮ কোটি ৮৩ লাখ ৬২,৫০০ টাকা জমা প্রদান করেন। পরবর্তীতে আসামিরা বাদীকে লভ্যাংশসহ ৮ কোটি ৮৩ লাখ ৬২,৫০০ টাকার মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৬৪৫ টাকা পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকে এবং ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা (মামলা নং-৫৮, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড) দায়ের করা হলে পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তকারী কর্মকর্তা পিবিআই-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অপু দে তথ্য-প্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ২ নম্বর আসামি মো. মোস্তফা আসাদকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জালিয়াতি ও প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। আদালতের আদেশে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রধান আসামি মো. আব্দুল লতিফ বিশ্বাসসহ অন্যান্যদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

