ডাকাত দলের তিন সদস্য
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁও উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে রিপন (৪৩), কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শরীফ হোসেন (২৯) এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীফ হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা চলমান রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ডাকাতিসহ সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

