সোমবার, ১০ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে কবুতরের খাবার নিয়ে রক্তক্ষয়ী হামলায় স্বামীসহ আহত ৩, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪২, ৯ আগস্ট ২০২৬

বন্দরে কবুতরের খাবার নিয়ে রক্তক্ষয়ী হামলায় স্বামীসহ আহত ৩, আটক ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লম্বাধরদি হাজী সাহেব মোড় এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৯ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী তানিয়া আক্তার তাছলিমা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কবুতরের খাদ্য কেনাবেচাকে কেন্দ্র করে হওয়া বাকবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র ও চাকুর আঘাতে স্বামীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের সাহসিকতায় অভিযুক্ত প্রধান হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বন্দর থানাধীন হাজী সাহেব মোড় এলাকায় স্থানীয় কবুতরের খাদ্য বিক্রেতা আফজারের (৪৫) সঙ্গে স্থানীয় বাসিন্দা তানিয়া আক্তার তাসলিমার ১৩ বছর বয়সী দেবর মো. সিহাবের কবুতরের খাবার কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয়। ​কথার একপর্যায়ে মেজাজ হারিয়ে বিক্রেতা আফজার বেল্ট দিয়ে শিশু সিহাবকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এই দৃশ্য দেখে সিহাবকে রক্ষা করতে এগিয়ে আসেন তানিয়া আক্তারের স্বামী মো. শরীফ ইসলাম (৩৪)। এতে আরও ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আফজার ধারালো চাকু দিয়ে শরীফের পেটে সজোরে আঘাত করেন, যার ফলে তিনি রক্তক্ষয়ী জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​স্বামীর আর্তচিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন শরীফের ছোট ভাই মো. সম্রাট (৩০) এবং প্রতিবেশী মো. রিফাত (৩০)। এ সময় হামলাকারী আফজার ক্ষিপ্ত হয়ে সম্রাটকে পিঠের বাম দিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করেন। পাশাপাশি রিফাতসহ আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

​স্থানীয়রা প্রথমে আহত মো. শরীফ ইসলাম, মো. সম্রাট ও মো. রিফাতকে উদ্ধার করে স্থানীয় নারায়ণগঞ্জ আল হেরা হাসপাতালে নেন। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা ধাওয়া করে অভিযুক্ত মূল হামলাকারী আফজারকে আটক করে আটকে রাখেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।