ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) এ ঘটনার পর বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধরা হলেন— মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছরের ছেলে মারুফ। তারা নারায়ণগঞ্জের সদর এলাকার বাসিন্দা হলেও ঠিক কোন জায়গায় এ দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের তিন সদস্যেরই শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দগ্ধ পরিবারের সঙ্গে কোনো স্বজন বা পরিচিত কেউ আসেননি। ফলে দুর্ঘটনার নির্দিষ্ট স্থান বা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা বা খবর পাননি। ঘটনাটি নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে খোঁজখবর ও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

