রোববার, ০৯ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৯, ৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে শিশু মারুফ (৮) মারা গেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মারুফের ৯০% দগ্ধ হয়েছিল।

দগ্ধদের মধ্যে আরও রয়েছেন- নিহত মারুফের বাবা মো. মাইদুল ইসলাম (২৪) ও মা বিউটি আক্তার (২৪)। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫% ও বিউটির ৮০% দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “দগ্ধ তিন জনের মধ্যে শিশু মারুফ আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া বাকি দুজনের চিকিৎসা চলছে।”

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাসের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা মাইদুল, তার স্ত্রী বিউটি ও ছেলে মারুফ দগ্ধ হয়। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শিশু মারুফের মৃত্যু হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেশি রহিম মিয়া বলেন, “মাইদুল ঘরের ভেতরে সিগারেট ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে তারা তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মুখের ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে চামড়া উঠে গেছে।”