শনিবার, ০৮ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৫, ৭ আগস্ট ২০২৬

আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার ১ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিল পাচারের সময় মো. মমিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাইপাস মহাসড়কের রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। এ সময় একটি ট্রাক থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি মমিন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে। 

র‌্যাব-১১ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় একটি চালান ট্রাকে করে নারায়ণগঞ্জের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে রূপগঞ্জ থানার কেন্দুয়াপাড়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। 

আটকের পর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদকের চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। 

র‌্যাব-১১ আরও জানায়, মাদক পাচারে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে আমের ক্যারেট ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

গ্রেপ্তার মমিন ও জব্দ করা ফেনসিডিলসহ অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।