বিএনপির গণমিছিল
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবো। আমরা তাদের খেয়াল রাখবো। যাদের রক্তের বিনিময়ে এই দেশ ফেরত পেয়েছি, সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।
শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির গণমিছিল কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা পালিয়েছে।
তিনি আরও বলেন, এই আন্দোলনে সবচেয়ে অগ্রনী ভূমিকা পালন করেছিল আমাদের দেশনায়ক তারেক রহমান। তিনি আমাদের বলেছিলেন তোমরা ফেরত আসবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে না যায়। আমরা রাস্তায় ছিলাম। শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশকে আমাদের দলকে একত্রিত করে রেখেছে। আজ তার কথা আমার মনে পড়ছে। আপনারা রূপগঞ্জে বিএনপিকে শক্তিশালী করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
পরে তার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এডভোকেট গোলজার হোসেন, সালাউদ্দিন দেওয়ান, মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ।

