শনিবার, ০৮ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৫৮, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৫৮, ৭ আগস্ট ২০২৬

বন্দরে নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে নতুন পানির পাম্প স্থাপন, পানির সংকট নিরসন এবং নাসিকের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন অবিচল রাজবাড়ী।

তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় এবং অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বন্দর এইচ এম সেন রোড শ্রমকল্যাণ সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অকার্যকর। প্রায় ২০ বছর আগে স্থাপিত পাম্পটি বারবার মেরামত করা হলেও তা সচল রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া পুরোনো ও জরাজীর্ণ পাইপলাইনের কারণে চাহিদার তুলনায় অল্প পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে, যা অনেক সময় ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকে। ফলে এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।

বক্তারা আরও বলেন, ২০২৩ সাল থেকে এলাকাবাসী পানি সংকটে ভুগলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বারবার নতুন পাম্প স্থাপনের দাবি জানানো সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়; ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।

সমাবেশ থেকে দ্রুত পুরোনো পাম্প সচল রেখে নতুন পানির পাম্প স্থাপনের কার্যক্রম শুরু এবং পানির ব্যবস্থাপনা ওয়াসার হাতে হস্তান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও আন্দোলনের সমন্বয়ক মো. ইউসুফ আতিক মানিক, সামছুল হাসান, মো. আশরাফউদ্দিন, হাসান, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু, আসাদ খন্দকার, সারোয়ার হোসেন, জাকির হোসেন, বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল, সুজন, মাসুদ, উজ্জ্বলসহ সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।