ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইমন আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি রাজপথের তার বিগত কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী।
বিগত প্রায় ১৭ বছর ধরে সকল আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এই তরুণ নেতা। রাজনীতির পাশাপাশি তিনি এলাকাভিত্তিক নানা সামাজিক ও সামাজিক মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিজেকে যুক্ত রেখেছেন। স্থানীয়রা জানান, শুধু ইমন নিজেই নন, তার পরিবারও অতীতে সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে।
বিশেষ করে বৈশ্বিক করোনাকালীন দুর্যোগময় সময়, পবিত্র রমজান মাসসহ বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নিজস্ব উদ্যোগে এলাকার নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। দীর্ঘদিনের এই সামাজিক যোগাযোগের ফলে কাঞ্চন পৌরবাসীর মাঝে তিনি বিশেষ গ্রহণযোগ্যতা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসেবে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আমিরুল ইসলাম ইমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, কাঞ্চন পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তাকে কেন্দ্র করে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।

