ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানায় সাবেক ইউপি চেয়ারম্যান (জাতীয় পার্টি) মাকসুদ হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বন্দর থানা বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদ (৫৪) বাদী হয়ে এই অভিযোগ করেন।
এজাহারে বলা হয়, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা নিরীহ মানুষদের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ১ অক্টোবর সকালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেনী যাওয়ার পথে বন্দর থানাধীন লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে শুভেচ্ছা শেষে ফেরার পথে হামলার শিকার হন বিএনপি নেতাকর্মীরা।
সকাল আনুমানিক ১০ টার দিকে বন্দর থানাধীন যুগিপাড়া এলাকায় পৌঁছালে ১ নম্বর বিবাদী মাকসুদ চেয়ারম্যানের প্রকাশ্য হুকুম ও ২ নম্বর বিবাদী মাহমুদুল রহমান শুভর নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড, এসএস পাইপ ও কাঠের ডাসা দিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।
হামলায় বাদী আবদুল হামিদ ছাড়াও তার সঙ্গী নান্টু, জনি, আফজাল, মিজান, নাছির ও মনা মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা বিএনপি নেতাদের খুন-জখম ও লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের দ্রুত উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা গ্রহণ ও দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী আবদুল হামিদ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

