বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা ভোলার নয়: এমপি মান্নান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৫, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের কথা ভোলার নয়: এমপি মান্নান 

আজহারুল ইসলাম মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অর্জিত এ স্বাধীন বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। এই অভ্যুত্থানে আমাদের মা-বোনেরা সবচেয়ে বেশি ও মুখ্য ভূমিকা রেখেছেন। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তারা সকল মায়া ত্যাগ করে স্বামী-সন্তানসহ নিজেরাও জীবন বাজি রেখে আন্দোলন করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন।

​বুধবার (৫ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁ থেকে আন্দোলন করতে গিয়ে তিনজন বীর শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়ে এখনো মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা অতীতেও তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকব।
এসময় শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা করা হয়।

​এদিকে, বুধবার বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চার দিনব্যাপী কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(জাদুঘর) এর পরিচালক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।