শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে : সালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৭, ৬ আগস্ট ২০২৬

দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে : সালাম

আবদুস সালাম আজাদ

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, পাঁচ মাস হয় আমরা নির্বাচিত হয়েছি। মানুষ এই দলকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। আজ আবার দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। একটি বিশেষ দল বিদেশি ষড়যন্ত্র মাথায় নিয়েছে। তাদের বলতে চাই, কোন বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের বিপরীতে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মরণসভায় একথা বলেন তিনি। 

তিনি বলেন, অনেকে বলে ৩৬ দিনের জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে। যে চেতনার নাম নিয়ে হাসিনা দেশদ্রোহীতা করেছে। সেই পথে আপনারা হাঁটলে বাংলাদেশের মানুষ আপনাদেরও বিতাড়িত করবে।

হাসিনার পতন নিয়ে কথা বলতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে। তিনি বলেছিলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি রাজপথে থাকবো। তিনি ফ্যাসিস্ট হাসিনার সাথে আপোষ করেনি বলেই তাকে কারাগারে যেতে হয়েছে। এই জুলাই বিপ্লবের নেত্রী বলতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সবার আগে স্বীকৃতি দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের নেত্রীকে দশ বছরের সাজা দেয়া হয়েছে। আমাদের ষাট লক্ষ নেতাকর্মীকে মামলা দেয়া হয়েছে। নারায়ণগঞ্জের শাওনকে হত্যা করা হয়েছে, মুন্সীগঞ্জের শাওন শহীদ হয়েছে। আগামী দিনেও বিএনপি কোন ফ্যাসিস্ট কোন ধর্মীয় ব্যাবসায়ীদের সাথে আপোষ করবে না। 

তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে এত হত্যার পরেও আমাদের দমিয়ে রাখতে পারেনি। হাসিনা টিকে থাকতে পারেনি। তাকে পালিয়ে যেতে হয়েছে।