শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩০, ১৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবি, সাংবাদিক সম্মেলনে ওলামা-মুসল্লিদের উদ্বেগ

‎সাংবাদিক সম্মেলন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদপন্থীদের উদ্যোগে প্রস্তাবিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার একটি অংশ। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় নারায়ণগঞ্জ জেলা ইজতেমার নামে একটি বিভক্তিকর আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ করেছেন তারা।

‎শনিবার ১৪ নভেম্বর তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, তাবলিগ জামাতের চলমান বিভক্তি ও মতবিরোধের কারণে দেশের ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অতীতেও বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‎বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ও বিরোধের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যক্তি বিভক্তিমূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ও জমি দখলের অভিযোগও উত্থাপন করেন তারা।

‎এ অবস্থায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রূপগঞ্জের তারাব বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত জেলা ইজতেমা আয়োজন বন্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

‎তাদের দাবি, ধর্মীয় বিষয়ে কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না তারা। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আগাম কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

‎সাংবাদিক সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন