শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে চারটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে চারটি ককটেল সদৃশ বস্তু দেখা যায়। এসময় তারা নিজেরাই সেটিকে পানি ভর্তি বালতিতে ভিজিয়ে রাখে। পরে সেটি পার্শ্ববর্তী খালে ফেলে দেন বলে জানায় পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল বলেন, “গতকাল রাত আনুমানিক ১০টার  দিকে আমরা কার্যালয়ে বসে ছিলাম। এ সময় একটি অটোরিকশায় করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ একটি বস্তু ফেলে রেখে চলে যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। প্রথমে বিষয়টি দেখে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বস্তুটি কী, তা নিয়ে সবার মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়। পরে সাহস করে সেটি পরীক্ষা করার চেষ্টা করা হলেও কেউ সরাসরি ধরতে রাজি হননি। একপর্যায়ে একটি বালতিতে পানি এনে বস্তুটি পানিতে ভিজিয়ে রাখা হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো ধরনের বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় ধারণা করা হয়, এটি হয়তো তেমন বিপজ্জনক কিছু নয়। পরে বস্তুটি পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাইনি। পরে থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। পরে সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ওই বস্তুটি মূলত আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সেটিতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বস্তুটি খুলে ফেলেন। আমরা এ বিষয়ে আরো তদন্ত করছি যে বস্তুটি কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে রেখে গিয়েছিল কিনা।