ফাইল ছবি
আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় জোড়া রৌপ্যপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তরুণ স্কেটার সাওয়ানা খন্দকার। তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। সম্প্রতি সাওয়ানা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি তাকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য উৎসাহিত করেন।
চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ‘২০২৬ ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ’-এ জুনিয়র-বি নারী বিভাগের দুটি ইভেন্টে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন সাওয়ানা। ২০০ মিটার ডিটিটি এবং ৫০০ মিটার ডি ইভেন্টে রৌপ্যপদক জিতে আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি।
মাত্র পাঁচ বছর বয়সে স্কেটিংয়ে হাতেখড়ি হয় সাওয়ানার। ২০১৫ সাল থেকে শুরু হওয়া তার এই যাত্রায় আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৯টি শিরোপা অর্জিত হয়েছে। অল্প বয়সেই ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি দেশের স্কেটিং অঙ্গনে পরিচিতি পেয়েছেন।
সাওয়ানা খন্দকারের পৈতৃক বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি স্কেটিং চালিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন এই শিক্ষার্থী।
চীনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার স্কেটার অংশ নেন। সেখানে বাংলাদেশের অন্য প্রতিযোগীরাও বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। সামগ্রিক এই সাফল্যের ধারাবাহিকতায় এশীয় অঞ্চলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করেছে।
সাওয়ানার কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, তার এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আন্তর্জাতিক পর্যায়ে এমন অর্জন রূপগঞ্জের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সাওয়ানার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া রইল। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা আরও উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা করেন।

