শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৮, ১৪ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ভুলতা-গোলাকান্দাইল নিয়ে নতুন পৌরসভা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরায়ণের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকাটি নিয়ে নতুন একটি পৌরসভা গঠনের পথ তৈরি হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এর ক্ষমতাবলে সরকার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর হিসেবে ঘোষণার অভিপ্রায় প্রকাশ করেছে। প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত ২০টি মৌজার নামের পাশাপাশি সংশ্লিষ্ট জেএল ও দাগ নম্বরও উল্লেখ করা হয়েছে।

তবে এ প্রজ্ঞাপনকে নতুন পৌরসভা গঠনের চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। শহর এলাকা ঘোষণার প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। পরবর্তী সময়ে আপত্তি নিষ্পত্তি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি শর্ত পূরণের ভিত্তিতে পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ লিখিতভাবে আপত্তি জানাতে পারবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩)-এ এ সুযোগ রাখা হয়েছে। আর উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে সরকারকে।

বর্তমানে রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলের প্রস্তাবিত এলাকাগুলো নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।