ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৯০০ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরি ও আল-রাফি হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল এলাকায় আল-রাফি হসপিটাল লিমিটেড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি নির্বাচিত রোগীদের চোখের অস্ত্রোপচার, লেন্স সংযোজন, ওষুধ এবং যাতায়াতের খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহনের উদ্যোগ নেওয়া হয়। বিনামূল্যে এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, ক্যাম্প চেয়ারপারসন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া, সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম, আল-রাফি হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মতিন, ডিএমডি রুহুল আমিন, লায়ন সাইফুল ইসলাম, ফরিদুল হক, মো. জাকির হোসেনসহ আরও অনেকে।
এ সময় দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতা পেলে মানবিক সেবার এ কার্যক্রম আরও বিস্তৃত করতে পারব।”
ক্যাম্প চেয়ারপারসন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, “অর্থাভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হন, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করে তাঁদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু সেবা নয়, এটি একটি মানবিক দায়িত্ব।”
লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম বলেন, “চক্ষুচিকিৎসার অভাবে কেউ যেন দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এ আয়োজন। রূপগঞ্জে একটি লায়ন চক্ষু হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আরও সহজে চক্ষুসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।”

