ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় এনসিপির এক সংগঠককে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। হামলার সময় নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং তাকে আগুনের ভাট্টিতে নিক্ষেপের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানাধীন পঞ্চবটি শামসুল হক রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিপ্লব সরদার (২১), সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার আমির হোসেনের ছেলে। পরে তিনি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানপুরে চিকিৎসা নেন।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা এজাহারে অভিযুক্ত করা হয়েছে ইয়াসিন আরাফাত ওরফে টুন্ডা আরাফাত (৩২), সে ফতুল্লা থানার পঞ্চবটি শামসুল হক রোড এলাকার আহাম্মদ হোসেনের ছেলে, আহাম্মদ হোসেন (৫৮), সে একই এলাকার মৃত মনতাজ উদ্দিন সরদারের ছেলে, আনোয়ার হোসেন (৫০), সে মৃত মনতাজ উদ্দিন সরদারের ছেলে, রাফি (২৬), পিতা অজ্ঞাত, রাসেল (৩৬), পিতা অজ্ঞাতসহ আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামাকে।
এজাহারে বিপ্লব সরদার উল্লেখ করেন, তিনি এনায়েতনগর ইউনিয়নে এনসিপির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পঞ্চবটি ও আশপাশের এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করে আসছিল। তিনি এতে বাধা দিলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে এবং টানাহেঁচড়া করে পাশের এমদাদীয়া রোলিং মিলসের ভেতরে নিয়ে যায়। সেখানে লোহার রড, ছোরা, চাকু, হকিস্টিক ও কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে লোহার রডের আঘাতে তার বাম হাতের কব্জি ভেঙে যায় এবং চাকুর আঘাতে বাম চোখের ওপরে কাটা জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, মারধরের এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে রোলিং মিলের জ্বলন্ত ভাট্টিতে নিক্ষেপের চেষ্টা করে। এছাড়া তার প্যান্টের পকেটে থাকা ১৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেওয়া হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি দলীয় নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

