ফাইল ছবি
নারীঘটিত কেলেঙ্কারির ঘটনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, দ্বীনি আন্দোলনের ভেতরে কোনো অপরাধী বেশিদিন আত্মগোপন করে টিকে থাকতে পারে না। কারও নৈতিক বিচ্যুতি বা অপরাধ কিছু সময়ের জন্য আড়ালে থাকতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছায় যথাসময়ে সত্য প্রকাশিত হবেই।
মঙ্গলবার (২২ জুলাই) নারীঘটিত একটি ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, অসংখ্য শহীদের ত্যাগ, রক্ত ও আত্মদানের বিনিময়ে তিলে তিলে গড়ে ওঠা এই আন্দোলন কোনো ব্যক্তির অপরাধে থেমে যেতে পারে না। ইনশাআল্লাহ, কখনো থামবেও না।
তিনি বলেন, দ্বীনি সংগঠনের মূল শক্তি ব্যক্তি নয়, আদর্শ। তাই কোনো ব্যক্তি যদি সংগঠনের নীতি-আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে তার দায়ভার সংগঠন বহন করবে না।
মহানগর জামায়াতের আমীর আরও বলেন, অপরাধী যে-ই হোক, দ্বীনি সংগঠনে তার একমাত্র পরিচয় অপরাধী। তার পদ, মর্যাদা বা অবস্থান নয়; ন্যায়বিচার ও জবাবদিহিই হওয়া উচিত একমাত্র বিবেচ্য।
তিনি আল্লাহর কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ তাআলা আমাদের সত্যের ওপর অটল থাকার তাওফীক দান করুন।”

