মানববন্ধন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কথিত দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা না দেওয়া, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা রক্ষা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম. এ. শাহীন এবং গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল সাহা।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী একটি বাণিজ্য চুক্তি করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা ওই চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। অবিলম্বে এই অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের ইজারা দেওয়া যাবে না। রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের পরিবর্তে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করতে হবে। এতে উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। দেশের বেকার যুবকদের জন্য দ্রুত নতুন কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এছাড়া ভারতের সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং পুশ-ইনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবিও জানান মানববন্ধনের বক্তারা।

