ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি সেলিম মজুমদার এখন নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তাকে দেখা যাওয়ার ও দলীয় নেতাদের ছবিসহ অফিসে বসে তার ছবি প্রকাশের বিষয়টি নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার তৈরি হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কেউ কেউ।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, সেলিম মজুমদার একসময় সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করছেন দলটির কয়েকজন নেতাকর্মী। তাদের দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিএনপির পরিচয়ে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হলে দলের দীর্ঘদিনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে।
সেলিম মজুমদারকে বিএনপির নেতাদের সঙ্গে দেখা যাওয়ার বিষয়টি উল্লেখ করে ফেসবুকে দেওয়া পোস্টগুলোতে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে। তবে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলার বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।

