বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের বাসভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বাসভাড়া যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে গণপরিবহনের বাসভাড়া অনতিবিলম্বে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। ২৩ সেপ্টেম্বর বুধবার বাসভাড়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভাড়া আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ওপর সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণের আগেই কোনো কোনো ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকরা ইচ্ছেমতো বাসভাড়া বাড়িয়ে দিয়েছে, যা সাধারণ জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের খেটে খাওয়া ও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা এবং দৈনন্দিন যাতায়াতের বাস্তবতা বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করতে হবে। পাশাপাশি সরকারি নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত প্রশাসনিক মনিটরিং এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীর বলেন, বাসভাড়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে প্রতিনিয়ত সাধারণ যাত্রীরা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি অনতিবিলম্বে যাত্রী হয়রানি বন্ধ এবং বাসভাড়া কমিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।