প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এনসিপির জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ আহত হয়েছেন।
আহত তাওহীদুলকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনসিপির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা।
দলীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী বাজারের স্থানীয় এক নেতার বাড়িতে এনসিপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। বৈঠক শেষে বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার অভিযোগ সামনে আসে। এ নিয়ে এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন।
এনসিপির নেতাদের অভিযোগ, মাটি কাটার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাওহীদুল ইসলাম গুরুতর আহত হন এবং তাঁর মাথায় আঘাত লাগে। বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তাঁর ছোট ভাই ইয়াসিন ও অনুসারীরা এ হামলায় অংশ নেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
ঘটনাটি নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন ও সরকারি দলকে দায় নিতে হবে বলে মন্তব্য করেন।
তবে হামলার সঙ্গে নিজের বা দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ। তিনি বলেন, এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় কিছু লোকের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তাওহীদ আহত হয়েছেন বলেও জেনেছেন। তবে কার সঙ্গে বিরোধ হয়েছে, তা তিনি জানেন না এবং ঘটনার সঙ্গে তিনি বা তাঁর দলের কেউ জড়িত নন বলে দাবি করেন। বিষয়টি তিনি নিজেও খোঁজ নিচ্ছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

